“আমাদের সংবিধানের মৌলিক অধিকারে বলা আছে আমরা সবাই সমান। কিন্তু অনেকক্ষেত্রে নারী ও পুরুষ এখনো সমান নয়, নারীদের এখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা হয়’ বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাদেকা হালিম। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের নিচতলায় ‘মুক্তিযুদ্ধ ও বিজয় গাথা’ শীর্ষক আর্ট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর্ট ক্যাম্পে তৈরি শিল্পকর্মগুলোর প্রদর্শনী উদ্বোধন হবে আজ সকাল সাড়ে ১০টায়। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা: আলপ্তগীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হুমায়ূন কবীর চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ে সৃজনশীলতা সৃষ্টির জন্য চারুকলা বিভাগের প্রয়োজনীয়তা অপরিসীম আর চারুকলা বিভাগের শিক্ষার্থীরা সৃজনশীল বলেই- এই বিভাগের শিক্ষার্থীরা কখনো মৌলবাদের সাথে সংযুক্ত থাকতে পারে না।’