জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছে উভয়পক্ষের চারজন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে স্টেশন এলাকায় এ সংঘর্ষ হয়।
জানা গেছে, স্টেশন এলাকায় স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আব্দুল রশিদের সমর্থক মিঠুর সাথে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলালের সমর্থক লুৎফর রহমান সাথে দলীয় প্রতীক নিয়ে বাকবিতণ্ডার হয়। এর একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতরা হলেন মিঠু, লুৎফর রহমান, ফারুক হোসেন ও সাবেক কমিশনার বেলাল হোসেন।
স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ (ট্রাক প্রতীক) বলেন, ‘নৌকার সমর্থকরা আমার কর্মী মিঠুকে অতর্কিত হামলায় গুরুতর আহত করে। এছাড়াও ফারুক হোসেনকে মারধর করেছে। মিঠু সরিষাবাড়ী হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।’
নৌকার প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলাল জানান, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশিদের লোকজন পরিকল্পিতভাবে কমিশনার বেলালের ওপর আক্রমণ চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে কমিশনার বেলাল ও লুৎফর আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুশফিকুর রহমান জানান, সকালে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





