সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে ঘরে বসে আয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। এদের মাঝে একজন চায়না নাগরিক।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন- চায়না নাগরিক মা ফিউবিন, বাংলাদেশী নাগরিক মো: আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার ও মো: মিজানুর রহমান।
পুলিশ জানায়, গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি চৌকস টিম গাজীপুর মহানগর এলাকার সাইবার ক্রাইম মনিটরিং অভিযান পরিচালনার সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা হতে মঙ্গলবার ভোরে ওই পাঁচজনকে গ্রেফতার এবং প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়।
মোবাইল ফোন পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, চায়না নাগরিক মা ফিউবিন বাংলাদেশে অ্যাজেন্ট হিসেবে অবস্থান করে চায়নাতে বসবাসকৃত তার সহযোগীরা বাংলাদেশের নিরীহ ও সাধারণ মানুষকে ঘরে বসে অনলাইনে আয় করার প্রলোভন দেখিয়ে টেলিগ্রাম অ্যাপস ওয়ে ফেয়ার ওয়ার্ক সলিউশন০১৩৫৭ এ এড করে তাদের থেকে বিপুল পরিমাণ টাকা পয়সা হাতিয়ে নেয়।
জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, গ্রেফতার হওয়া চায়না নাগরিক মা ফিউবিন বাংলাদেশী সহযোগী আসামিদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে বাংলাদেশী মানুষের নিকট থেকে বিপুল পরিমাণ আত্মসাৎকৃত টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। ঘটনায় জড়িত অপরাপর সহযোগী আসামিদের সহযোগিতায় পূর্বপরিকল্পিতভাবে প্রতারনার জন্যে টেলিগ্রাম অ্যাপসের ওয়ে ফেয়ার ওয়ার্ক সলিউশন০১৩৫৭ আইডি ব্যবহার করে ফাঁদ পেতে অর্থ আত্মসাৎ করে আসছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জিএমপি সদর খানায় নিয়মিত মামলা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
প্রেস ব্রিফিংএ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম, ডিসি (উত্তর) রেজাউর রহমান, ডিসি (দক্ষিণ) অশোক কুমার পাল, সহকারি কমিশনার (ডিবি) আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।









