নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবদুল জব্বার বলেছেন, ‘গত ১৬ বছর ফ্যাসিবাদের শাসনামলে আমরা আপনাদের কাছে কোনো কথা বলতে পারিনি। কোনো কাজ নিয়ে আসতে পরিনি। আমাদের দাড়িওয়ালা, টুপিওয়ালা, মৌলবাদী বলে মানুষের কাছ থেকে দূরে রেখেছিল।’

শুক্রবার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল জব্বার বলেন, ‘সমাজের মানুষের কাছে একটা পরিষ্কার ধারণা ছিল, সমাজে যত অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, যত ধরনের ফ্যাসিজম হচ্ছে এগুলোর সাথে কোনো হুজুর কিংবা জামায়াতের লোক জড়িত ছিল না। শুধু মিথ্যা অভিযোগ দিয়ে যুগের পর যুগ, বছরের পর বছর এ নিরপরাধ মানুষগুলোকে জেলের অন্ধকার কুঠরিতে আবদ্ধ করে রাখা হয়েছিল।’

তিনি বলেন, ‘আমাদের এক এক করে এগারো জন নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। বাকিদের অন্ধকার জেলের কুঠিরে তিলে তিলে কষ্ট দিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এ অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। ৫৩ বছর পরে হলেও নতুন করে বাংলাদেশের মানুষ এটি বুঝতে সমর্থ হয়েছে মিথ্যা জিনিস দিয়ে সত্যকে দাবিয়ে রাখা যায় না।’

সিদ্ধিরগঞ্জ জামায়াতের দক্ষিণ থানা শাখার আমির কফিল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদ সদস্য বশিরুল হক ভূইয়া, থানা নায়েবে আমির আব্দুল গফুর, থানা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি প্রমুখ। এ সময় নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন উপস্থিত ছিলেন।