ফরিদপুরে অটোরিকশাচালক শওকত মোল্লা হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলায় একজনকে দশ বছরের সাজা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের পশ্চিম খাবাসপুর মাওলানা আব্দুল আলী সড়কের বাসিন্দা মেহেদী আবু কাওসার (২৫), জনি মোল্লা (৩০), পশ্চিম খাবাসপুর ওহাব মিয়া সড়কের বাসিন্দা রাসেল শেখ (২৫), রথখোলা রবিদাস পল্লীর রাজেস রবি দাস (২৯) ও বাখুন্ডা আদর্শ গ্রামের রবিন মোল্লা ওরফে ভিকি (২৫)। এদের মধ্যে রাসেল শেখ পলাতক রয়েছেন।

মামলার দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আরেক আসামি রাজবাড়ীর মজলিসপুরের বাদশা শেখ (২৬)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রামের আয়নাল মোল্যার ছেলে শওকত মোল্যা (২০) পশ্চিম খাবাসপুর বাসা থেকে তার অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়ে পড়েন। এদিকে পরদিন সকালে পাশের গোয়ালচামটের একটি ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় শওকত মোল্যা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: এনায়েত হোসেনের নেতৃত্বে ওই মামলার তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ২৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র ও অ্যাডভোকেট বদিউজ্জামাল বাবুল।

মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি জাহিদ হাসান খোকন বলেন, আসামিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের পাঁচজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মামলার অপর আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দশ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।