ময়মন‌সিং‌হের গৌরীপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে আলোচনা সভা ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকে‌লে গৌরীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, জাতীয়তাবাদী আইনজী‌বি ফোরা‌মের কেন্দ্রীয় ক‌মি‌টির সহ-সভাপ‌তি ও জেলা আইনজী‌বি স‌মি‌তির সা‌বেক সভাপ‌তি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা জামায়াতের আমির বদরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।

বক্তারা বলেন,‘জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এক ঐতিহাসিক প্রতিবাদ। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা জাতির গর্ব। তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানতে হবে এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।’

তারা আরো বলেন, ‘নুরে আলম সি‌দ্দিকী রা‌কিব, বিপ্লব হাসান ও জুবায়ের আহমেদ সহ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আমাদের এ আয়োজন। তাদের পরিবারের পাশে থেকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়।’

আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেয়া হয়। পাশাপাশি আন্দোলনে আহতদেরও সম্মাননা জানানো হয়।