বগুড়ার কাহালুতে গাছের সাথে প্রাইভেটকারের (পাজেরো জীপ) ধাক্কায় অলিউর রহমান আলিফ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার রাতে বগুড়ার তিন মাথা-কাহালু সড়কের শীতলাই ক্লাবঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলিফ বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেন এলাকার মরহুম আব্দুল মান্নানের ছেলে। তিনি বগুড়া সদরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছেন।
এ বিষয়ে বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আলিফ তার নিজের পাজেরো জীপ নিয়ে রাতে কাহালু থেকে বাড়ি ফিরছিলেন।
অন্যদিকে, এ ঘটনায় আহত চারজন হলেন চালক রাসেল (২৫) বন্ধু সোহান (২২), আতাউর (২৩) ও রিক্তা (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি রাত সোয়া ১১টার দিকে শীতলাই এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। আহত চারজনের মধ্যে আলিফ চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টায় মারা যায়। সোহান এখনো সংজ্ঞাহীন। দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’দফা জানাযা শেষে দাফন করা হয়।
এদিকে, আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বগুড়া-রংপুর মহাসড়কের পালশা এলাকায় ট্রাকচাপায় মোকাদ্দেছ হোসেন (২৫) নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী নিহত ও একজন আহত হয়েছেন।
মোকাদ্দেছ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছোট ডাঙ্গাপাড়ার সোহরাব আলীর ছেলে।
এছাড়া এ ঘটনায় আহত ব্যক্তিটির নাম ইমরান (৩০)।
জানা গেছে, মোকাদ্দাছ মোটরসাইকেল যোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন।
বগুড়ার সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আহত ইমরানকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





