গাজীপুরের কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দু’জনকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা ও দু’জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়া। এ সময় বেঞ্চ সহকারী আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের লাইলী মার্কেট এলাকায় সরকারী আদেশ অমান্য ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের মরহুম আঃ মোতালিব খন্দকারের ছেলে শফিকুল ইসলাম খন্দকার ও একুতা গ্রামের মো: নুরুল হকের ছেলে তাইফুর মুরসালিনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮-এর ১৮(১) ধারায় একুতা গ্রামের শেখ মো: মোসলেহ উদ্দিনের ছেলে মো: সামসুল আলমকে ৩০ হাজার ও সাওরাইদ গ্রামের মোহাম্মদের ছেলে মো: সেলিম শেখকে ৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।