ভোট পড়ে গেছে ৪০ শতাংশ। সময় তখন আরো এক ঘণ্টা বাকি। প্রিজাইডিং অফিসার জানালেন ভোট দিয়েছেন ৯৪৫ জন ভোটার। বুরুদিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ২৮৭।

কেন্দ্রটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। কটিয়াদি ও পাকুন্দিয়া নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসন। পাকুন্দিয়া উপজেলার অন্য ভোট কেন্দ্রর তুলনায় এখানে ভোট পড়েছে বেশি।

তবে বিকেল ৩টার দিকে কেন্দ্রে গিয়ে ভোটারের উপস্থিতি দেখা যায়নি। কেন্দ্রের সামনে নেই কোনো সারি। কয়েকটি কুকুর এদিক-সেদিক ঘুরছে, আরাম করে শুয়ে আছে একটি।

ভোট কেন্দ্রে কুকুরের উপস্থিতি বেখাপ্পা দেখাচ্ছে অনেকের কাছে। আনসার সদস্য মো: রাভিনের কাছেও কুকুর ভালো লাগেনি। সাংবাদিকরা কেন্দ্রে প্রবেশ করার পর একটি কুকুরকে তাড়া দিলেন তিনি। রাভিন বললেন,‘কেন্দ্রের মাঠে কুকুর থাকলে ভাইরাল হয়ে যাবে।’

সন্তানকে কোলে নিয়ে মাঠের পাশেই বসা ছিলেন মো: মোস্তফা। এরমধ্যে ভোট দিয়ে এসেছেন তিনি। মোস্তফা বলেন,‘সকালে কিছু লোক আইছে ভোট দিতে। দুপুরের পর থেকে মানুষ আইতে আছে না। কেরে আইয়ে না আল্লাই জানে। মাঠে মানুষ না থাকলে তো কুকুর ঘুরাঘুরি করবেই।’

স্কুলছাত্র মিনহাজ এসেছে ভোটকেন্দ্র দেখতে। তবে এখানে এসে দেখার মতো তেমন কিছু পায়নি বলে জানায় সে। মিনহাজ বললো, ‘ফাঁকা পেয়েছে। তাই কুকুর মাঠে এসেছে। ভোটকেন্দ্রে কুকুরের ছবি তো এখন ফেসবুকে ভাইরাল।’

ষাটোর্ধ আবুল কাশেম বললেন, ‘সকালে মানুষ ভোট দিছে। এখন ভোট বাড়তাছে না। আমি হজ কইরা আইছি। নাইলে দুই-তিনটা ভোট মারতাম। ভোট বাড়াইতাম।’

প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘আমার কেন্দ্রে ভোটের হার বেশি। আরো ঘণ্টাখানেক সময় আছে। ভোট বাড়বে বলে আশা করি।’

সোয়া ৩টার দিকে নৌকার সমর্থনে ভোটকেন্দ্র দেখতে আসেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. দীন মুহাম্মদ নুরুল হক।

তিনি বলেন, ‘আমি ঢাকা থেকে এসেছি, ভোট কেন্দ্র দেখতে। আমার এলাকা এটি। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। কিছু কিছু কেন্দ্রে ভোট কম পড়েছে। তবে আশা করি সারা দেশে ৪০ থেকে ৫০ শতাংশ ভোট কাস্ট হবে। এর মাধ্যমে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে।’