হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে ৯৯ হাজার ৫৫৬ ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। ব্যারিস্টার সুমন পেয়েছেন লাখ ৬৯ হাজার ৯৯ ভোট আর প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। দেশ স্বাধীনের পর প্রথম সর্বোচ্চ ভোটে চুনারুঘাটে সংসদ সদস্য নির্বাচিত হলেন ব্যারিস্টার সুমন।
বিজয়ের পর চুনারুঘাটে জনতার উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন বলেন, এ বিজয় উন্নয়নের বিজয়। ব্যারিস্টার সুমন বলেন আমাকে আপনারা দু’টি জিনিস উপহার দিবেন না। এক. কোনো ধরনের বিজয় মালা এবং দুই. এমপি হিসেবে কোনো অনুষ্ঠানে বড় চেয়ার। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। অবহেলিত চুনারুঘাটের চিত্র বদলাতে চাই। মরা খোয়াই নদীকে জীবিত করা হবে আমার প্রথম কাজ। তিনি বলেন আমি শপথগ্রহণ করার দিন পাঁচ লাখ টাকার ফুটবল কিনে চুনারুঘাট মাধবপুরের যুবক ও শিশুদের উপহার দিয়ে তাদের খেলার জগৎকে প্রতিষ্ঠিত করতে চাই। পরিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পৌর শহরকে যানজট মুক্ত রেখে সবাইকে নিজ নিজ ঘরে ফেরার আহ্বান জানান তিনি।





