কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় পাষণ্ড স্বামীর সহযোগিতায় নিজ স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করা হয়েছে। তাকে বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষিত ওই নারী পুলিশকে জানিয়েছে, তিনি তার স্বামী নাছির উদ্দীনের দ্বিতীয় স্ত্রী, প্রায় সময় নাছির তাকে নির্যাতন করতেন।
ওই নারীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় তার স্বামী তিন যুবককে বাসায় নিয়ে আসেন। স্বামীর সহায়তায় ওই যুবকরা উপর্যুপরি ধর্ষণ করার পর তাকে রাস্তায় ফেলে রেখে যায়। এরপর সড়কে কান্নাকাটি করতে থাকেন তিনি।
জানা গেছে, নাছির উদ্দীন ধর্ষণের শিকার নারীর দ্বিতীয় স্বামী। আগের সংসার ছেড়ে আসার পর ২ বছর আগে নাছিরের সাথে ওই নারীর বিয়ে হয়। তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।





