গাজীপুরের কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে অস্ত্র ঠেকিয়ে ও মারপিট করে এক সাংবাদিককে হাত-পা বেঁধে তার মোটর সাইকেল ও নগদ টাকা লুট করে ডাকাতরা। পরে হাত-পা বাঁধা অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে এলাকাবাসী। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার আব্দুল জব্বার আলীর ছেলে জাহাঙ্গীর আলম দীপ্ত টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
ভুক্তভোগী সাংবাদিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার ছিনতাই-ডাকাতি রোধে আঞ্চলিক সড়কে পুলিশ টহল অব্যাহত রয়েছে। টহল পুলিশের চোখ এড়িয়ে ওই সড়কে গাছ ফেলে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। নিজ বাড়ি মাঝুখান থেকে সুত্রাপুর এলাকায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে ডাকাতির কবলে পড়েন সাংবাদিক জাহাঙ্গীর আলম। অস্ত্র ঠেকিয়ে তাকে হাত-পা বেঁধে ফেলে রেখে কাছে থাকা প্রায় ৮ হাজার টাকা, মোটর সাইকেল ও ৬/৭ কেজি মাছ লুট করে পালিয়ে যায় ডাকাত দল। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ওই মোটর সাইকেলটি উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। স্থানীয়দের অভিযোগ, শুধু ওই সাংবাদিকই নয়, ওই সড়কে টহল পুলিশ থাকার পরও বিভিন্ন সময় ছিনতাই-ডাকাতির ঘটনা ঘটে আসছে। সবচেয়ে বেশি ছিনতাই-ডাকাতির কবলে পড়েন পোশাক শ্রমিকরা। অনেকেই তাদের বেতন নিয়ে বাড়ি ফিরতে পারেন না বলেও রয়েছে অভিযোগ। তবে টহল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, সড়কে গাছ পড়ে থাকতে দেখে মোটর সাইকেলের গতি কমানোর সাথে সাথে দুই পাশ থেকে কয়েকজন লোক এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমাকে জিম্মি করে। এ সময় তারা দ্রুত মোবাইলসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। আমি সাংবাদিক বুঝতে পেরে মোবাইলসহ অন্যান্য মালামাল ফেরত দিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে নির্জনস্থানে ফেলে রাখে। পরে আমার টাকা, মোটর সাইকেল ও মাছ লুট করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সাইফুল আলম জানান, ওই সড়কে থানা পুলিশের একটি টিম টহলে ছিল। ওই ঘটনার আগেও সেখান দিয়ে টহল দিয়ে আসে। কিন্তু এর পরই ওই সাংবাদিক এ ঘটনার শিকার হন। তবে তার মোটর সাইকেলটি উদ্ধারে অভিযান চলছে।
কালিয়াকৈরে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই
গাজীপুরের কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে অস্ত্র ঠেকিয়ে ও মারপিট করে এক সাংবাদিককে হাত-পা বেঁধে তার মোটর সাইকেল ও নগদ টাকা লুট করে ডাকাতরা। পরে হাত-পা...





