গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে চন্দ্রা পিকনিক স্পট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তি চন্দ্রা পিকনিক স্পট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে সফিপুর মডার্ন হাসপাতলে ভর্তি করার হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।