বগুড়ার নন্দীগ্রামে হাত-মুখ বেঁধে চালককে জলাশয়ে ফেলে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ করেছেন ইজিবাইক চালক সেলিম হোসেন (৪২)। তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গত শনিবার সকাল ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার পল্লীবিদ্যুৎ সাবস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ির বাকি তিনজন সেলিমকে হাত, মুখ ও চোখ বাঁধা অবস্থায় কুন্দারহাট-রুপিহার বাজারের মাঝামাঝি সড়কের পাশের জলাশয়ে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে সেলিমকে উদ্ধার করে।

শনিবার ভোরে সেলিম হোসেন বাড়ি থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হলে ঘটনাস্থলে একটি প্রাইভেট কার তার ইজিবাইকের সামনে এসে থামে। কিছু বুঝে উঠার আগেই ওই কার থেকে চারজন লোক নেমে ইজিবাইকের চালক সেলিমের হাত-মুখ বেঁধে গাড়িতে তোলে নেয়। এর মধ্যে একজন সেলিমের ইজিবাইক ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গাড়ির বাকি তিনজন সেলিমকে হাত, মুখ ও চোখ বাঁধা অবস্থায় কুন্দারহাট-রুপিহার বাজারের মাঝামাঝি সড়কের পাশের জলাশয়ে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে সেলিমকে উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন বলেন, অভিযুক্তদের আটক ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।