গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে সেখানে মোবাইল নম্বরসহ চিরকুট ফেলে আসে সঙ্ঘবদ্ধ একটি চোর চক্র। পরে চিরকুটে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে মিটার ফেরত দেয়ার শর্তে টাকা চাওয়া হয়। বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পাঠানোর পর পরই মিটার কোথায় আছে সেটি বলে দেয়। পরবর্তীতে চোর চক্রের মূল হোতা আক্কাস আলীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার নন্দীগ্রামের ঘটনা এটি। গ্রেফতার আক্কাস আলী কাহালু উপজেলার মৃত আজিম উদ্দিন শেখের ছেলে। মিটার চুরির পর কথা বলা ও আর্থিক লেনদেন করা মোবাইল সেটটিও উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার রাতে প্রায় ৭ ঘণ্টার ব্যবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় আক্কাস আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে হাজির করা হলে চুরির বিষয়টি স্বীকার করে জবানবন্দী দেন আক্কাস। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া জানান, ওই ব্যক্তি তার সহযোগীদের নিয়ে বগুড়া সদরসহ কাহালু, নন্দীগ্রাম, শাজাহানপুর এবং নাটোর জেলার বিভিন্ন থানা এলাকার ফসলি জমিতে সেচ দেয়ার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মিটার চুরি করে আশপাশে লুকিয়ে রাখে। তারা একটি মোবাইল নম্বর লিখে ঘটনাস্থলে ‘আপনার মিটার চুরি হয়েছে, মিটার পেতে কল করুন’- এমন বার্তাসহ চিরকুট ফেলে আসে। ভুক্তভোগীরা ওই নম্বরে যোগাযোগ করলে চক্রের সদস্যরা চাহিদা মতো টাকা দাবি করে। টাকা না পাঠালে চুরি করা মিটার তারা ভেঙে ফেলবে বলে হুঁশিয়ারি দেয়। তারা হুমকি দিয়ে বলে যে, টাকা না পাঠালে যতবারই মিটার লাগানো হবে, তারা ততবারই চুরি করে নিয়ে যাবে। সেই সাথে তারা হুমকি দিয়ে বলে যে, এ কাজে কেউ বাধা দিলে প্রয়োজনে লাশ ফেলে দেবে। ভুক্তভোগীরা তখন নিরুপায় হয়ে ওই চক্রের দেয়া নম্বরে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পাঠিয়েছে। টাকা পাঠানোর পর পরই তারা চুরি যাওয়া মিটারটি কোথায় আছে সেটি বলে দেয়।
সম্প্রতি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চামটা মৌজার পুনাইল পূর্বমাঠে অবস্থিত ঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির সাথে থাকা ইউপি সদস্য ইব্রাহিম আলী মণ্ডলের গভীর নলকূপের মিটার ও ইউসুফ আলী কাজীর মিটার চুরির ঘটনা ঘটে। সঙ্ঘবদ্ধ চোর চক্র নলকূপের দরজার সাথে মোবাইল নম্বর লেখা চিরকুট রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করে নগদের মাধ্যমে সাত হাজার টাকা পাঠানোর পর চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার সরিষা ক্ষেতে লুকানো রয়েছে বলে জানানো হয়। সেখানে গিয়ে দুটি মিটার পাওয়া যায়।
নন্দীগ্রামে চিরকুট লিখে মিটার চুরি মূল হোতা গ্রেফতার
গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে সেখানে মোবাইল নম্বরসহ চিরকুট ফেলে আসে সঙ্ঘবদ্ধ একটি চোর চক্র। পরে চিরকুটে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে মিটার...





