কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে মৃত এক সাংবাদিক পরিবারের সদস্যদের মামলা ছাড়া পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে কোর্টে চালান দেয়ার হুমকি দিয়েছেন এক পুলিশ কর্মকতা। গতকাল শুক্রবার সকালে পুলিশ কর্মকর্তার মোবাইল থেকে মৃত সাংবাদিকের স্ত্রীর মোবাইলে হুমকির কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। হুমকিদাতা পুলিশ কর্মকর্তার নাম মো: জাহাঙ্গীর আলম। তিনি চকরিয়া থানার অধীনে হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৫৯ সেকেন্ডের একটি অডিও রেকর্ডে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম নিজেকে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি পরিচয় দিয়ে সাংবাদিক এ বি এম ছিদ্দিক আহমদের স্ত্রী হাছিনা খানমের মোবাইলে ফোন করলে সেটি রিসিভ করেন সাংবাদিকের ছোট ছেলে আরশাদ। এ সময় পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম হুমকির সূরে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘এই হাছিনা খানম’ আমি হারবাং পুলিশ ফাঁড়ির (আইসি) ইন্সপেক্টর জাহাঙ্গীর বলছি। তোমাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জমিতে কেন কাজ করতেছো। তোমরা কাজ বন্ধ কর। না হয় আমি পুলিশ পাঠিয়ে ফাঁড়িতে ধরে নিয়ে আসব এবং কোর্টে চালান করে দেবো।’

অভিযুক্ত চকরিয়ার হারবাং পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, সাংবাদিকের পরিবারের বিরুদ্ধে কিছু লোক জমিসংক্রান্ত বিষয়ে ফাঁড়িতে অভিযোগ করেছে। আমি তাদের ফাঁড়িতে আসতে বলেছি। মামলা ছাড়া পুলিশ পাঠিয়ে ধরে এনে কোর্টে চালান দেয়ার কথা কেন বলেছেন জানতে চাইলে তিনি আর মন্তব্য করেননি।
হাছিনা খানম জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে তাদের পার্শ্ববর্তী উপজেলা লোহাগাড়ার জমিদারপাড়া গ্রামের আবদুল গফুরের ইন্দনে হারবাং ইউনিয়নের করমুহুরীপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে শাহ আলম, আবদুল হামিদের দুই ছেলে কালা মনু ও আনোয়ার কবির ১ একর জমি জবর দখলের জন্য চেষ্টা করছে। এরাই হারবাং পুলিশ ফাঁড়ির আইসির মাধ্যমে আমার পরিবারের সদস্যদের মামলা ছাড়া গ্রেফতারের হুমকি দিচ্ছে।