গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বাগান উত্তরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারের দাবি, এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দু’টি ইউনিট প্রায় ১ ঘণ্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু ততক্ষণে আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।’

তার ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাসুদেব গাইন, পুতুল গাইন ও অশোক গাইনের পাকা দো-তলা যৌথ বসতঘরটির পুতুল গাইনের ইউনিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় সম্পূর্ণ ঘর ফাঁকা ছিল। ফায়ার সার্ভিস আসার আগেই পুরো ঘরে আগুন লেগে যায়। কোনো মালামালই বের করা সম্ভব হয়নি। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।