বরিশালের উজিরপুরে পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে টিপু হাওলাদার (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর এলাকার মোফাজ্জেল হোসেনের বাড়ির সামনে টিপু হাওলাদারের সাথে অভিযুক্তদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা কয়েকজন লোহার পাইপ ও চাপাতি দিয়ে টিপুকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ জানান, হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।





