কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের খোজাখালী পাহাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন বহুতল ভবনের তিনতলা ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক মারাত্মক জখম হয়ে গত দুই সপ্তাহ ধরে মৃত্যুর সাথে লড়ছেন। মৃত্যুশয্যায় থাকা শ্রমিকের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। আহত শ্রমিকের নাম মোহাম্মদ আরমান (১৯)। বাবার নাম মির কাসেম। ঘটনাস্থলের কাছেই তার বাড়ি। নিরুপায় হয়ে আহত শ্রমিকের মা রিজুয়ারা বেগম বাদি হয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ।
অভিযোগে জানা গেছে, খোজাখালী পাহাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ চলাকালে তিনতলার ছাদ থেকে পড়ে আরমান মারাত্মক জখম হয়। তিনি বিগত চার মাস ধরে ওই বিদ্যালয়ে কাজ করছিলেন। গত দুই সপ্তাহ ধরে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো ধরনের চিকিৎসা সহায়তা দেয়নি। এমনকি খবরা-খবরও রাখেনি।
আহত শ্রমিকের মা রিজুয়ারা বেগম জানান, সংসারে একমাত্র ছেলের আয়ে পরিবার চলতো তাদের। কিন্তু গত ১৯ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক নিরাপত্তামূলক পোশাক ও যন্ত্রপাতি না দেয়ার কারণে সে তিনতলা বিশিষ্ট নির্মাণাধীন ভবন থেকে দুর্ঘটনা কবলিত হয়ে ছাদ থেকে পড়ে যায়।