গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফেরার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর নীল দলের সভাপতি অধ্যাপক ড. মো: নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: মমিন উদ্দীন স্বাক্ষরিত এক লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন তারা।
সাধারণ শিক্ষকদের আকাক্সক্ষা প্রতিফলিত না হওয়ায় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখতে, সেশনজটমুক্ত উচ্চশিক্ষা নিশ্চিতকরণ ও স্বাতন্ত্র্য বজায় রেখে সঠিক সময়ে অ্যাকাডেমিক সেশন শুরু করার প্রত্যয়ে সব শিক্ষকের আকাক্সক্ষা অনুযায়ী নিজস্ব প্রক্রিয়ায় আসন্ন ২০২৩-২০২৪ সালের ভর্তি পরীক্ষা সম্পন্নের দাবি জানান তারা।
লিখিত দাবিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত তিন বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় যথাসময়ে আসন পূর্ণ করে অ্যাকাডেমিক সেশন শুরু না হওয়াসহ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আকাক্সিক্ষত মান ক্রমাগত নিম্নগামী বলে শিক্ষক- শিক্ষার্থীসহ সর্বমহলে প্রতীয়মান হচ্ছে।
প্রসঙ্গত, এ বছর ২৪টি বিশ্ববিদ্যালয় একত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে প্রাথমিকভাবে সম্মতি থাকলেও সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বলে জানিয়েছে। এর আগে গুচ্ছ থেকে বের হতে সংবাদ সম্মেলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।