চট্টগ্রামের সাতকানিয়ায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মুড়ির মিল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দেওদীঘি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত মিলের মালিক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আমার অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন জানান, প্রাথমিকভাবে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে।