ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হলে কারারক্ষীরা ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে হাজী মোঃ হারুন (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাতের দিকে এই ঘটনাটি ঘটে, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মোহাম্মদ আলী জানান, মধ্যে রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, হাজী হারুন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবার নাম মোঃ বাহার উদ্দিন। তবে কী মামলায় তিনি আটক ছিলেন সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





