পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দেয়ার কারণে বাদির ক্ষেতের কলাগাছ কেটে ওই ক্ষেত জবর দখলের চেষ্টা করছে প্রতিপক্ষ।
মামলার বাদি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ১৯ সেপ্টেম্বর উপজেলার পৈকখালী গ্রামের লুৎফর রহমান নান্নার ছেলে শুভ মীরকে প্রধান আসামি করে সাতজনের নামে ফলদ গাছ কাটা ও হামলার অভিযোগ এনে একই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে সোহেল রানা বাদি হয়ে পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সবুজ মীর, লুৎফর রহমান নান্না, ওয়াহিদ সুরাত মীর, আবুল কালাম হাওলাদার, দিনা ও শিরি বেগমকে।
এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার দুপুরে মামলার বাদি সোহেল রানার ওই জমিতে প্রতিপক্ষ আবার অবৈধভাবে প্রবেশ করে বাগানের বাকি কলাগাছগুলো কেটে ফেলতে শুরু করে। এ সময় বাদি উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে কলাগাছ কাটার দায়ে লুৎফর রহমান নান্না ও তার ছেলে সবুজ মীরের ওপর অভিযোগ এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আট হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





