কুমিল্লার দেবিদ্বারে চোখ উপড়ে ও কান কেটে যুবককে হত্যা করে রাস্তার পাশে ফেলে যাওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের কোর্ট হাজতে র্র্পাঠানো হয়। এরআগে, গতকাল সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলেন নিহত হুমায়ুন কবিরের কথিত পরকিয়া প্রেমিকা সালমা আক্তার ও তার স্বামী মো: ফারুক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে সালমা আক্তারকে তার বাবার বাড়ি ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল গ্রাম থেকে এবং তার স্বামী মো: ফারুককে রাত ২টায় ব্রাক্ষণপাড়া উপজেলার সিদলাই গ্রাম থেকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি শনিবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে হুমায়ূন কবিরকে (৪০) হত্যা পূর্বক দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ সময় তার একটি চোখ উপড়ে ফেলে এবং একটি কানের অংশ বিশেষ কেটে ফেলে ঘাতকরা। সংবাদ পেয়ে ১১ ফেব্রুয়ারি রোববার সকালে লাশ উদ্ধার করে দেবিদ্বার থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিন আক্তার অজ্ঞাত নামা ব্যাক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

হুমায়ুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মো: মাসুদ জানান, নিহত হুমায়ূনের স্ত্রী ও মামলার বাদি পারভিন আক্তারের দেয়া তথ্যের ভিত্তিতে সালমা আক্তার ও তার স্বামী মো: ফারুককে আটক করা হয়।
আটককৃতদের কোর্ট হাজতে প্রেরণ পূর্বক পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তাদের থানা হাজতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।