‘তাফহীম পাবলিকেশন’ প্রকাশিত এবং বিশিষ্ট সংগঠক, সমাজ সেবক, সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ লিখিত ‘আল্লামা সাঈদী : একটি সোনালী ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ঢাকার একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘আল্লামা সাঈদী : একটি সোনালী ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরে সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভাপতি শামীম সাঈদী ও মাসুদ সাঈদী।
শামীম সাঈদী বলেন, “আল্লামা সাঈদীর জীবনের কিছু অংশ জাতির সামনে তুলে ধরার এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ‘আল্লামা সাঈদী : একটি সোনালী ইতিহাস’ গ্রন্থের সম্মানিত লেখক, প্রকাশক ও সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাদের এই পরিশ্রম কবুল করুন। দ্বীনের জন্য আল্লামা সাঈদীর সকল ত্যাগ ও কুরবানী থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে দ্বীনের পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথে বলিয়ান হওয়ার তাওফিক দান করুন।’





