বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: হুমায়ুন কবিরের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করে প্রতারণার চেষ্টা করেছে একটি প্রতারক চক্র। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ০১৭৪৪-৭৩৪৬১৬ ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে জানতে পেরে দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেজে সতর্কতামূলক পোস্ট দেয়া হয়েছে। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে নন্দীগ্রাম পৌর মেয়র আনিছুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের কাছে ফোন করে প্রতারক। এ ছাড়াও মায়ের দোয়া বীজ ভাণ্ডারের মালিক ও বিশিষ্ট চাল ব্যবসায়ী মেহেদী হাসান পুলুকে সকাল ১০টায় ফোন করে ডিও করে চাল দিবে বলে দুই লাখ টাকা চায় প্রতারক চক্রটি। এ ব্যাপারে বিশিষ্ট বীজ ও চাল ব্যবসায়ী মেহেদী হাসান পুলু বলেন, হঠাৎ করেই মঙ্গলবার সকাল ১০টায় ইউএনও স্যারের অফিসিয়াল নাম্বার থেকে ফোন করে আমার কাছ থেকে ডিও করে চাল দিবে বলে ২ লাখ টাকা চাওয়া হয়।