প্রকৃতির ছোঁয়া পেতে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটার সুবিশাল সমুদ্র এবং একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরা। এখন বিদেশী পর্যটকদেরও আনাগোনা বাড়ছে এখানে। সামনে রমজানের বন্ধ এবং স্কুল-কলেজের বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা সফরে হাজার হাজার পর্যটকদের পদচারণায় তিল ধারণের ঠাঁই নেই এখন কুয়াকাটায়। দীর্ঘ সৈকতে লাল কাঁকড়ার ছোটাছুটি। এসব দৃশ্য উপভোগ করতে কুয়াকাটায় এরইমধ্যে রেকর্ডসংখ্যক পর্যটক ছুটে এসেছে। গত শুক্রবার সকাল থেকেই পর্যটকবাহী গাড়িতে কানায় কানায় পূর্ণ কুয়াকাটার পর্যটক পার্কিংগুলো। বর্তমানে পর্যটকের ঢল থাকলেও বিগত সময়ে রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে দীর্ঘ দিন পর্যটক শূন্য ছিল কুয়াকাটা।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন এ বছরের মধ্যে সবচেয়ে বেশি পর্যটক হয়েছে আজকে। সকাল বেলার শীতের আমেজ কাটতে না কাটতেই সৈকতের পানিতে গোসল ও উল্লাসে মেতেছেন হাজারো পর্যটক।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটার ‘টোয়াক’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, দীর্ঘ দিন পর এত বেশি পর্যটক দেখে ব্যবসায়ীরাও অনেকটা উচ্ছ্বসিত। এভাবে প্রতিনিয়ত সৈকতে পর্যটক থাকলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবেন। ইতোমধ্যে কুয়াকাটার হোটেল-মোটেল রিসোর্টগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মনিরুল হক ডাবলু বলেন, পর্যটকের চাপ একটু বেশিই। তাই পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মাঠে টহল টিম কাজ করছে। কুয়াকাটার প্রত্যেকটি পর্যটন স্পটে আমাদের টিম রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছি আমরা।
কুয়াকাটা সৈকত পর্যটকদের পদভারে মুখরিত
প্রকৃতির ছোঁয়া পেতে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটার সুবিশাল সমুদ্র এবং একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরা।...





