গাজীপুরের কালিয়াকৈরের সুত্রাপুর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’জন। হতাহতরা সবাই ইটভাটার শ্রমিক।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হচ্ছেন কালিয়াকৈর উপজেলার ভাউমান টালাবহ গ্রামের ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও হাসেম আলীর ছেলে শওকত আলী (৫২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর নামক স্থানে টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি ট্রাক ব্যাটারীচালিত অটোরিকশার পিছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন চিকিৎসাধীন রয়েছে। ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।





