ফুটেছে সূর্যমুখী। সূর্য যখন যেদিকে হেলেছে, সূর্যমুখী ফুলও সেদিকে হেলে পড়ছে। সবুজের মধ্যে হলুদ ফুলগুলো অপরূপ সৌন্দর্যের উৎস হয়ে দাঁড়িয়ে। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রজাপতি যেমন ছুটে আসছে তেমনি প্রকৃতিপ্রেমীরাও আসছেন। ফুলের সৌন্দর্য দেখতে ও ছবি তুলতে আসছেন অনেকে। দূর থেকে দেখলে মনে হবে বিশাল আকারের হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। চোখ জুড়ানো মনোমুগ্ধকর এমন অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলেই।

দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই কমপাউন্ডের চত্বরে সূর্যমুখী ফুলের হয়েছে আবাদ। এ ছাড়াও এ বাগানে রয়েছে গোলাপ, গাঁধা, কাগজ ফুলের সাথে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ। প্রস্ফুটিত এসব ফুলে এখন সুশোভিত স্বাস্থ্য কমপ্লেক্সে কমপাউন্ডের চত্বর। ফুলে ফুলে সজ্জিত চত্বরটি যেন শিল্পীর তুলিতে আঁকা অপরূপ কোনো দৃশ্য। ফুটে থাকা এসব ফুলের বাগানের সৌন্দর্যে মোহিত হন রোগীরাও।

গত মঙ্গলবার ফুলগাছের পরিচর্যাকালে মালি মিন্টু জানান, কমপ্লেক্সে‘র এ সূর্যমূখী বাগানটি তিনি দেখভাল করেন। বিনিময়ে উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম তাকে মাসিক বেতন দেন। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বর্ণালী দেব নাথ বলেন, কমপ্লেক্স চত্বরজুড়ে বাহারি ফুলের ছোঁয়ায় রোগীর স্বাস্থ্যসহ সবার মনন চিন্তাশক্তি বাড়বে বলে মনে করি।