বরিশালের উজিরপুরে আব্দুল করিম জমাদ্দার (৬২) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামে ব্লকের জমির পানি সেচের ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুল করিম পীরেরপাড় গ্রামের মরহুম মানিক জমাদ্দারের ছেলে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, আব্দুল করিমের লাশ উল্টা অবস্থায় পীরেরপাড় বাড়ৈ বাড়ির উত্তর-পশ্চিম পাশের ব্লকের পানির সেচের ট্যাংকির ভেতর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় চৌকিদার নাজির।
তিনি বলেন, ‘এসআই আলমগীর ফোর্স নিয়ে ঘটনাস্থল যান এবং লাশ উদ্ধার করেন।’
কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।





