কুয়াকাটার মম্বিপাড়া গ্রামের বড়হরপাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটির (সাধুর ব্রিজ) ভেঙ্গে খালে পড়ে গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে পর্যটকসহ পাঁচ গ্রামের মানুষকে।

রোববার বেলা ১১টার দিকে মালবাহী ট্রাক পার হওয়ার চেষ্টাকালে ব্রিজটি ভেঙ্গে যায়।

জানা যায়, ২০০৫ সালে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এটি আরো দুই-তিন বছর ধরে নড়বড়ে। গত বছর ব্রিজটি কিছু অংশ ভেঙ্গে পড়ে। এটি দিয়ে প্রতিদিন লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া, নতুন বাজার, বড়হারপাড়া, পৌরঘোজা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পাঁচ থেকে সাত গ্রামের মানুষ চলাচল করে। কুয়াকাটায় আগত পর্যটকরা মিশ্রিপারা বৌদ্ধ মন্দির দেখতে যাওয়ার একমাত্র সহজ পথ ছিল ৮০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট চওড়া এই ব্রিজটি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’