টাঙ্গাইলের ঘাটাইলে ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর থেকে চানতারা সড়ক দিয়ে মাটি ও বালি ভর্তি ১০ চাকার ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে একদিকে রাস্তা ধ্বংস হচ্ছে। অন্য দিকে এলাকার মানুষের জীবন হুমকির মধ্যে রয়েছে। এই ড্রাম ট্রাক বন্ধের দাবিতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান মিন্টু, লোমানুর রহমান রোমান, ইমন তালুকদার, আরশেদ আলীসহ শতাধিক এলাকাবাসী।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, আবেদন দিয়েছে কিনা দেখতে হবে। এ নিয়ে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি। সম্প্রতি মাটি কাটার ও বিক্রির অপরাধে উজ্জ্বল সিকদার নামে একজনকে ছয় মাস ও মিন্টু মিয়া নামে আরেকজনকে এক মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।