সুপার ফুড হিসেবে পরিচিত ‘কিনোয়া’র চাষ হচ্ছে বাংলাদেশে। এই সুপার ফুড চট্টগ্রামে প্রথমবারের মতো চাষ করে বাজিমাত করেছেন মিরসরাইয়ের কৃষক দিলীপ নাথ। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিন ঘরিয়াটোলা এলাকায় প্রায় ২৪ শতক জমিতে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কিনোয়া চাষ করেছেন তিনি।
জানা গেছে, বাংলাদেশে এটি একটি নতুন ফসল হিসেবে পরিচিতি পেলেও এই ফসলটির প্রচুর চাহিদা রয়েছে ইউরোপ-আমেরিকায়। সুপার ফুড নামে পরিচিত এই পণ্যটিতে রয়েছে হাইপ্রোটিন, ভিটামিন, মিনারেল, আয়রন ও এন্টি-অক্সিডেন্ট। তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটি সবচেয়ে বেশি উপকারী। তাই বৈশ্বিক বাজারে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অন্য ফসলের তুলনায় এই ফসলটি আবাদে সময়ও অনেক কম লাগে। কম খরচে মাত্র ৭৫-৮০ দিনের মধ্যে এই ফসল ঘরে তোলা সম্ভব।
কৃষিবিদরা জানান, প্রতি শতাংশ জমিতে কিনোয়া চাষে খরচ হয় মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা। আর শতাংশে উৎপাদন হয় চার থেকে ছয় কেজি কিনোয়া। বাংলাদেশে কিনোয়া চাষে অনুকূল পরিবেশ পাওয়া গেছে। আন্তর্জাতিক বাজারে কিনোয়ার চাহিদা ব্যাপক। তবে এ দেশের মানুষের কাছে কিনোয়া একটি অপরিচিত ফসল। যে কারণে এ দেশে কিনোয়ার কোনো বাজারজাতকরণের ব্যবস্থা নেই। তবে সীমিত পর্যায়ে কিনোয়ার কিছুটা চাহিদা রয়েছে বাংলাদেশে। বর্তমানে বড় বড় সুপার শপে কিনোয়া পাওয়া যাচ্ছে। বিদেশ থেকে আমদানিকৃত প্রতি কেজি কিনোয়ার দাম এক হাজার ৬০০ টাকার মত। এ দেশে ক্রমেই কিনোয়ার চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, কিনোয়ার গাছ দেখতে অনেকটা বতুয়া শাকের মতো। গাছে গাছে ফলন আসছে। ফলনের ভারে কিছু গাছ নুয়ে পড়েছে। এটি মূলত ধান বা গমের মতোই একধরনের বীজ। ভাত বা রুটি খেতে খেতে মুখে যদি অরুচি ধরে যায় তাহলে কিনোয়া হতে পারে উত্তম বিকল্প। আশপাশের লোকজন অনেকেই কিনোয়া দেখতে দিলীপ নাথের জমিতে আসছেন। তিনি বলেন, আমি উপজেলা কৃষি অফিসার প্রতাপ রায়ের পরামর্শে ২৪ শতক জমিতে কিনোয়া চাষ করি। বেশ ভালো ফলন হবে বলে মনে করা হচ্ছে। গত বছরের ১৭ ডিসেম্বর কিনোয়ার বীজ বপন করি। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে এগুলো ঘরে তুলতে পারা।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ রায় বলেন, এ দেশে কিনোয়া চাষের বিপুল সম্ভবনা রয়েছে। এটির পুষ্টি উপাদান অনেক বেশি। ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত কার্যকর এই ফসলটি।
মিরসরাইয়ে চাষ হচ্ছে সুপার ফুড কিনোয়া
সুপার ফুড হিসেবে পরিচিত ‘কিনোয়া’র চাষ হচ্ছে বাংলাদেশে। এই সুপার ফুড চট্টগ্রামে প্রথমবারের মতো চাষ করে বাজিমাত করেছেন মিরসরাইয়ের কৃষক দিলীপ নাথ। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের...





