পরিত্যক্ত একটি বাড়িতে খেলা করতে করতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আরজু হোসেন (৮) ও মাইমুন আহম্মেদ (৪) নামের দুই শিশু গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে আরো ৮টি তাজা ককটেল উদ্ধার করেছে। আহত দুই শিশুকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আরজু এবং মাইমুন আহম্মেদ এ গ্রামের মহিদুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে খেলা করছিল। এ সময় আবর্জনার মধ্যে পড়ে থাকা একটি কৌটা নিয়ে খেলার একপর্যায়ে বিস্ফোরণ ঘটলে তারা গুরুতর আহত হয়।
প্রতিবেশীরা জানান, আহত আরজুর বাম হাতের আংশিক ককটেলের আঘাতে উড়ে গেছে। তাছাড়া তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। চার বছর বয়সের মাইমুন আহম্মেদের মুখ ও দু’চোখসহ শরীর ঝলসে গেছে।
স্থানীয় লোকজন জানিয়েছে, আহত আরজু এ গ্রামের আসলাম সরদারের ছেলে এবং মায়মুন বাবলুর রহমানের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিত্যক্ত ওই ঘর থেকে একটি পলিথিন ব্যাগ ভর্তি অবস্থায় তাজা ৮টি ককটেল উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদি মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।





