সিরাজগঞ্জের তাড়াশে ভুট্টাক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, নবজাতকটি সুস্থ আছে। ঘটনাটি ঘটছে গত মঙ্গলবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রামে।
মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান ম্যাগনেট জানান, সকালে স্থানীয় লোক মারফত খবরটি পান তিনি। এরপর তিনি তাড়াশ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। সেই সাথে তিনি গ্রামপুলিশ রাজিব কুমার দফাদার ও সাইফুল ইসলামকে নিয়োজিত করেন নবজাতকের সুরক্ষার জন্য। এরপর তারা ওই গ্রামের বাসিন্দা শামীম রেজা ও লাবনী দম্পতির সহায়তায় দুপুর ১২টার দিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
শামীম-লাবণী দম্পতি জানায়, তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবুও তারা বাচ্চাটিকে দত্তক নিতে চান। তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কোনো নিঃসন্তান দম্পতি ছাড়া বেওয়ারিশ শিশুকে দত্তক দেয়ার নিয়ম নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।