বরিশালের উজিরপুরে মাছের ঘেরে তাণ্ডব চালিয়ে ছয়টি পানি সেচ পাম্পে অগ্নিসংযোগের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামিরা হলেন- সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলদার, আসাদ হাওলাদার, কিবরিয়া হাওলাদার, ইলিয়াস হাওলাদার, সোহেল হাওলাদার, মশিউর হাওলাদার, এনায়েত হোসেন বাচ্চু,কাইয়ুম ভট্টি, শাওন ভট্টি, জুয়েল হাওলাদার, ফেরদৌস হাওলাদার, মাওলা হাওলাদার। মামলায় অজ্ঞাত পরিচয় আরো পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আসাদ হাওলাদার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলদারের নেতৃতে ৪০-৫০ জনের একটি গ্রুপ গত রোববার রাত আড়াইটার দিকে ইদ্রিস হাওলাদারের মাছের ঘের ও মুরগির খামারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এ ব্যাপারে মামলার বাদি ইদ্রিস হাওলাদার বলেন, এ ঘটনায় আমার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। মামলার বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের আটকের চেষ্টা চলছে।