বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত ও আহত হয়েছে আরো একজন।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর দেড়টায় কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর পশ্চিম পাড়ার মুক্তার রহমানের ছেলে সিরাজুল ইসলাম জেমস (১৬) ও একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৫)।

আর আহত জাহাঙ্গীর রহমানের ছেলে রাশেদ হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একই এলাকার তিন যুবক মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়। দুপুর দেড়টায় কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই সোহানুর রহমান ও সিরাজুল ইসলাম জেমস মারা যায়। রাশেদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। ভাটগ্রাম ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বর আব্দুল হাকিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।