ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু (১২) ও কাওসার আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চণ্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রাজু গড়েয়া চণ্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও কাওসার আলী ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং তারা চাচাতো ভাই।
স্বজনরা জানান, বৃহস্পতিবার থেকে নিখোঁজ হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে শিশু দু’টিকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোহাম্মদ সারোয়ার হোসেন।