ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জুন) বিকেলে ও রাতে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে দুর্ঘটনা দু’টি ঘটে।
জানা যায়, ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ফুলপুর উপজেলার কুরিয়ার সেতু সংলগ্ন স্থানে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
নিহত একজন হলেন ধোবাউড়া থানার বরাটিয়া গ্রামের মরহুম আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫) ও অপরজন ফুলপুর থানার মদিপুর সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান। নিহত অপর পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলপুর থেকে একটি মাহিন্দ্রা হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে পৌরসভার কাজিয়াকান্দি এলাকায় পৌঁছলে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ফুলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো: লুতফুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। নিহতদের লাশ উদ্ধার করার সময় একদল উত্তেজিত জনতা আমাদের ওপর হামলা করার চেষ্টা করে। পরে তারা দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনীর একটি দল এসে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে।’
ফুলপুর থানার ওসি মো: আবদুল হাদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাস্থলে ছয়জন এবং হাসপাতালে নেয়ার পথে একজন মারা গেছেন। আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর ঘটনায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
তারাকান্দা পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৬টার দিকে রামচন্দ্রপুর এলাকায় হিমালয় ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির দুইজন নিহত হন। তবে তাদেরও তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আহত অটোরিকশার চালক মোহাম্মদ আলম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: টিপু সুলতান জানান, অ্যাম্বুলেন্সটি পাশের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। তবে গাড়িতে কোনো রোগী ছিল না। হাসপাতালে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটেছে। দুইটি গাড়িই জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।
এদিকে তারাকান্দা পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৬টার দিকে রামচন্দ্রপুর এলাকায় হিমালয় ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির দুইজন নিহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হানপাতালে নেওয়ার পর আহত অটোরিকশার চালক মোহাম্মদ আলম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: টিপু সুলতান জানান, অ্যাম্বুলেন্সটি পাশের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। গাড়িতে কোনো রোগী ছিল না। হাসপাতালে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটেছে। দুইটি গাড়িই জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।









