ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লালমোহন উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্য চাষিদের। জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ৭৭৮টি ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। গত মঙ্গলবার উপজেলা মৎস্য অফিস সূত্র জানায় ঘূর্ণিঝড়ে এ উপজেলার বিভিন্ন ঘের ও পুকুর থেকে এক কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে।
লালমোহনের দক্ষিণ বালুরচর এলাকার আলমগীর বলেন, আমার একটি পুকুরে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের অন্তত এক লাখ টাকার মাছ ছিল। ওইসব মাছ রক্ষা করতে পুকুরের চার দিকে জাল দিয়ে বেড় দিয়েছিলাম। তবুও মাছগুলো রক্ষা করতে পারিনি। চোখের সামনেই পানির সাথে ভেসে গেছে পুকুরের সব মাছ। আরেক মাছচাষি নাজিম বলেন, দীর্ঘ দিন ধরেই আমি পুকুরে মাছ চাষ করে আসছি। এবারের টানা বৃষ্টি ও জোয়ারের অতিরিক্ত পানিতে আমার দুইটি পুকুরের প্রায় দুই লাখ টাকার ছোট-বড় মাছ ভেসে গেছে। উপজেলার সিকদার হাট এলাকার আবদুল মালেক ও বজলু বলেন, আমরা কয়েকজন মিলে যৌথভাবে মাছ চাষ করছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিরিক্ত পানিতে আমাদের ঘেরের সব মাছ চলে গেছে। এতে করে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।
লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ জানান, আমরা ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সেখান থেকে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের কাছে পৌঁছে দেয়া হবে।