কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপাড়ে মাইন বিস্ফোরণে এক মিয়ানমারের নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

নিহতের নাম মোহাম্মদ আয়াছ। নাম ছাড়া তার কোনো ঠিকানা পাওয়া যায়নি।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাইন বিস্ফোরণে আহত মিয়ানমারের একজন নাগরিককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তাকে কক্সবাজার সদর হাসসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাকে যারা নিয়ে এসেছিল তারা পালিয়ে গেছে।

এর আগে, ২২ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণে আনোয়ার নামের মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।