যশোরের চৌগাছা সীমান্তে পতাকা বৈঠক করে দুই মাদ্রাসা ছাত্রকে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষ্মীপুর উত্তরপাড়া সীমান্তের গদাধরপুর মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান জানান, উপজেলার আড়ারদাহ কওমি মাদ্রাসা দুই ছাত্র বৃহস্পতিবার ইউনিয়নের বড় কাবিলপুর জামে মসজিদে তাবলীগ জামাতে আসে। শুক্রবার ফজরের নামাজ শেষ করে তারা দুই বন্ধু পাশেই কপোতাক্ষ নদের তীরে হাঁটতে যায়। নদ খনন কাজ চলায় মাঝখান দিয়ে বাঁধ দেয়া রয়েছে। তারা বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভারতের লক্ষ্মীপুর বিএসএফ ক্যাম্পের পাশে চলে যায়। এ সময় তাদের লক্ষ্মীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করেন। পরে ভারতের উত্তরপাড়া সীমান্ত ক্যাম্পে হস্তান্তর করেন। সন্ধ্যায় পতাকা বৈঠক করে দুই মাদ্রাসা ছাত্রকে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ।

ফেরত দেয়া মাদ্রাসা ছাত্ররা হলো ঢাকা গাজীপুর কোনাবাড়ীর মরজান আলীর ছেলে ওবায়দুল্লাহ (১৭) ও মাগুরার শালিকা উপজেলার গোড়াগালি গ্রামের মোতালেব মণ্ডলের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (১৯)।
পতাকা বৈঠকে ভারতের লক্ষ্মীপুর সীমান্তের ১০৭ উত্তরপাড়া বিএসএফের পক্ষে উত্তরপাড়া ক্যাম্প কমান্ডার শুরেনধরশিং ও বাংলাদেশের শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী অংশ নেন।
শাহাজাদপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী জানান, বিএসএফের হাতে বাংলাদেশী ২ ছাত্র আটক হওয়ার খবর পেয়ে আমরা ভারতীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষীপুর উত্তরপাড়া সীমান্তের গদাধরপুর মাঠে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর দুই বাংলাদেশী মাদ্রাসা ছাত্রকে তার আমাদের জিম্মায় ফেরত দেন।