কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
রোববার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, শেখ হাসিনা হলে দফায় দফায় স্লোগান দিতে দেখা যায়। পরে সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু ও নজরুল হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হোন।
প্রধানমন্ত্রীর চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে রাখা এক বক্তব্যের জেরে শিক্ষার্থীদের এই প্রতিবাদ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার’, কিসের তোর অধিকার, তুই বেটা রাজাকার’ তুই বেটা রাজাকার এই মূহূর্তে বাংলা ছাড় স্লোগান দেন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, প্রধানমন্ত্রী বক্তব্য প্রদানকালে মুক্তিযোদ্ধাবাদে সবাইকে রাজাকারের সন্তান ও নাতি বলেছেন। যেটা কোনোভাবেই মেনে নেয়া যায় না তাই তারা এর বিরুদ্ধে মাঠে নেমেছেন। তার বক্তব্য অনুযায়ী, আমরা সবাই রাজাকার। আমরা এর বিরুদ্ধে এবং কোটা বাতিলের দাবিতে রাস্তায় নেমে এসেছি।
উল্লেখ্য, রোববার বিকেলে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্যে ‘মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?’ এমন প্রশ্ন রাখেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিবাদ মুখর হতে দেখা যায়।





