সাগরে মাছ ধরায় টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মঙ্গলবার। এ দিন রাত ১২টার পর থেকে সাগরে মাছ ধরা ফের শুরু হয়েছে। এতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকার জেলেপাড়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে। সব প্রস্তুতি শেষে এখন জাল-ট্রলার নিয়ে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুত জেলেরা।
মিরসরাই উপজেলা মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, এ উপজেলায় দুই হাজার ৫৫৭ জন্য নিবন্ধিত জেলে রয়েছে। মাছ ধরা বন্ধ থাকাকালে নিবন্ধিত জেলেদের সরকার থেকে সহায়তা দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের পাঁচটি ইলিশ প্রজনন পয়েন্টের একটি মিরসরাইয়ের উপকূলীয় সাহেরখালী এলাকা। নিষেধাজ্ঞার কারণে প্রায় দুই মাস ধরে বেকার ছিল উপকূলীয় এলাকার ২৯টি জেলেপাড়ার বাসিন্দারা। এসব পাড়ায় প্রায় পাঁচ হাজার পরিবার রয়েছে। এর মধ্যে শুধু সাহেরখালীতেই আছে ৪২০ জেলে পরিবার। নিষেধাজ্ঞা চলাকালে সরকারি সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন জেলেরা।
সাহেরখালী ইউনিয়নের আনন্দবাজার এলাকার সম্ভু জলদাশ বলেন, ‘এ উপজেলায় অনেক জেলে রয়েছে। নিবন্ধিত হয়েছে কিছু সংখ্যক। যারা নিবন্ধিত হয়েছে, তারা নিষেধাজ্ঞার সময় সুযোগ সুবিধা পেয়েছেন। বেশির ভাগ জেলে পরিবারের দুই মাস কষ্টে দিন কেটেছে। ৪৩১ জেলে পরিবার নিবন্ধন থাকার পরও সরকারি সহায়তা পায়নি।’
ডোমখালী এলাকার হিমাংশু জলদাশ বলেন, ‘দীর্ঘ দুই মাস পর নিষেধাজ্ঞা শেষে জেলেদের কিছুটা উৎসাহ-উদ্দীপনা থাকলেও পাশাপাশি ঋণ নিয়ে দুশ্চিন্তা রয়েছে অনেকের। দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় ঋণ পরিশোধ সম্ভব হয়নি। এখন মাছ ধরে নিজেরও চলতে হবে, ঋণও পরিশোধ করতে হবে। গত বছর আশানুরূপ ইলিশ পাওয়া যায়নি। আশা করছি এ বছর প্রচুর ইলিশ পাওয়া যাবে।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, ইলিশের প্রজননকালীন ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় বর্তমানে মাছের উৎপাদন বাড়ছে। এ প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে বঙ্গোপসাগর একটি সমৃদ্ধ মৎস্যভাণ্ডারে পরিণত হবে।
তিনি আরো বলেন, সোমবার রাত ১২টায় সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা মাছ ধরতে সাগরে গেছে।
মৎস্যসহ মূল্যবান প্রাণিজসম্পদ সুরক্ষায় গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। ইলিশের জাটকা নিধনে নিষেধাজ্ঞা আরোপের সফলতাকে অনুসরণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়। সামুদ্রিক মাছের পাশাপাশি চিংড়ি, কাঁকড়ার মতো অন্য মাছ আহরণেও ছিল এ নিষেধাজ্ঞার আওতায়।
শেষ হয়েছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা
মাছ ধরতে সাগরে যাচ্ছেন জেলেরা
সাগরে মাছ ধরায় টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মঙ্গলবার। এ দিন রাত ১২টার পর থেকে সাগরে মাছ ধরা ফের শুরু হয়েছে। এতে চট্টগ্রামের...





