সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউপি চেয়ারম্যান ও পৌর জামায়াতের সাবেক আমির অ্যাড. সুফি আলম সোহেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত রোববার সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২০ জুলাই রাতে সরকারি-বেসরকারি সম্পদ ও রাস্তায় চলাচলরত যানবাহনের ক্ষতি ও সরকার পতনে ষড়যন্ত্র করার অপরাধ এনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন এসআই সিকন্দর আলী। আর সোহেল এ মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনকে। এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত শিবিরের ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০-৭৫ জনকে আসামি করা হয়েছে।





