কক্সবাজারে টানা বর্ষণজনিত জলাবদ্ধতায় প্রায় দুই লাখের অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত তিন দিনের ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের সাতটি উপজেলার প্রায় ৩০০টি গ্রাম।
এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দু’লাখের অধিক মানুষ। দুর্গত সাতটি উপজেলায় ৪৭ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লাখ টাকা পৌঁছে দেয়া হয়েছে।
খাবার ও পানীয় জলের সঙ্কটে পড়েছেন প্লাবিত এলাকার লোকজন। কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন পয়েন্টে পানি উঠেছে। এতে টেকনাফের সাথে জেলা শহরসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।
ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা পানিবন্দী পরিবারগুলোর মধ্যে রান্না করা খাবার পৌঁছে দেয়ার কাজ শুরু করেছে।
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ১৫টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
স্থানীয় শিক্ষক নূরুল ইসলাম বলেন, গত কয়েকদিনের প্রবল বর্ষণে ঈদগাঁও নদীতে প্রবল বন্যা নামলে এসব বসতবাড়ী প্লাবিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন জানান, টেকনাফ ও মহেশখালী উপজেলা ছাড়া বাকী সাতটি উপজেলায় ৪৭ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লাখ টাকা পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, এ দুটি উপজেলায়ও সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ আছে, প্রয়োজন মতো এ সহায়তা প্রদান বৃদ্ধি করা যাবে।





