বগুড়ার শিবগঞ্জে একটি সাইকেল পার্টসের দোকানে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে মোকামতলা বাজারের নাফিজা সাইকেল স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকানের মালিক নুরুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে বৈদ্যুতিক শটসার্কিট থেকে দোকানে আগুন লাগে। স্থানীয়দের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিভে যায়। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। পরে ভোর ৪টায় শুনি দোকানে আবার আগুন লেগেছে। এসে দেখি দোকানের সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিবগঞ্জ ফায়ার স্টেশনের সাব-অফিসার মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, স্থানীয়রা ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিভিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে যোগাযোগ করে সহযোগিতার ব্যবস্থা করা হবে।