শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল ১০টা থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে হাজার হাজার ছাত্র, অভিভাবক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে। অপর দিকে মানিকগঞ্জ শহরের সরকারি হাই স্কুলের মাঠে কয়েক শ’ আওয়ামী লীগ নেতা-কর্মী জমায়েত হয়েছে।
জানা গেছে, সময় বাড়ার সাথে সাথে পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের প্রায় দু’কিলোমিটার এলাকা বিক্ষোভকারীরা দখল করে। ঢাকা-আরিচা মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে মানিকগঞ্জ শহর ও আশপাশের গ্রামাঞ্চল হতে নারী, শিশু ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল করে আন্দোলনে যোগ দেয়। সময় বাড়ার সাথে সাথে আরো শত শত নারী শিশু অবরোধে শামিল হতে বিভিন্ন রাস্তা দিয়ে সমাবেশস্থলে জমায়েত হচ্ছে।
আরো জানা গেছে, বিক্ষোভকারী ছাত্র-জনতা লাঠি-পতাকাসহ বিভিন্ন শ্লোগান দিচ্ছে। মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা ‘আমার ভাই মরছে কেন, খুনি সরকার জবাব দে,’ ‘একদফা একদাবি- সরকার তুই কবে যাবি’ ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তুলছে রাজপথ।
অপর দিকে মানিকগঞ্জ শহরের সরকারি হাই স্কুলের মাঠে কয়েক শ’ আওয়ামী লীগ নেতা-কর্মী জমায়েত হয়েছে।





