দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামের পটুয়াখালীর বাউফলে প্রকাশ্যে অনুষ্ঠিত পথসভায় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি ছিলেন। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছয় ব্যক্তির স্মরণে দোয়া-মোনাজাত, মন্দির পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
ড. শফিকুল ইসলাম গত শনিবার উপজেলার বগা ফেরিঘাট এলাকায় পৌঁছালে দলের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
পথসভায় তিনি বলেন, ১৭ বছর আমরা স্বাধীন দেশে পরাধীন ছিলাম। অপরাধ না করেও কয়েক শ’ মামলার আসামি হয়ে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। কে হিন্দু, কে মুসলমান, কে কোন দলের তা দেখার সুযোগ নাই। তিনি উপজেলা পরিষদ চত্বরে ছাত্র আন্দোলনে নিহত বাউফলের ছয় শহীদ ব্যক্তির স্মরণে দোয়া-মোনাজাতে অংশ নেন ও তাদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।
জামায়াত নেতা শফিকুল ইসলামের বাড়ি উপজেলার মদনপুরা গ্রামে।





