বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে আহত রামগতি উপজেলার বাবুল হোসেন (২০) অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। বাবুল হোসেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর হাসান হোসেন গ্রামের মোহাম্মদ জমিরের ছেলে।
গতকাল মঙ্গলবার সকালে তার পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার টিটিপাড়া এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে আহত হন তিনি। বাবুল ঢাকার মানিক নগর স্টার লাইন কাউন্টারের পাশে বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ২০ জুলাই সন্ধ্যায় ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে মিছিল করার সময় টিটিপাড়া এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরে নোয়াখালী উডল্যান্ড হসপিটালে নেয়া হয়। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তার পরিবার চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা করেছে।





